আমদানিপণ্যের ওপর আরোপিত শুল্ক থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ১৩ হাজার ৩০০ কোটি ডলার সংগ্রহ হয়েছে। সাম্প্রতিক এক আদালতের রায়ের পর এই বিপুল অর্থের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে—এই টাকা কার কাছে যাবে এবং কীভাবে বণ্টন হবে।
শুল্ক আরোপের বৈধতা নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে আপত্তি জানানো হচ্ছিল। আদালতের রায়ের পর সেই আপত্তি নতুন করে জোরালো হয়েছে। অনেক আমদানিকারক দাবি করছেন, অতিরিক্ত আদায় করা শুল্ক তাদের ফেরত দেওয়া উচিত।
তবে সরকার পক্ষের বক্তব্য, ইতিমধ্যে সংগ্রহ করা অর্থ সরাসরি ফেরত দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতার কারণে অর্থ ফেরতের বিষয়টি সময়সাপেক্ষ হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অর্থনীতিবিদদের মতে, এই অর্থ ফেরত দেওয়া হলে ব্যবসা ও ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি আসতে পারে। আবার সরকারের রাজস্ব ব্যবস্থাপনাতেও এর প্রভাব পড়বে। ফলে শুল্ক থেকে সংগৃহীত এই বিপুল অর্থের ভবিষ্যৎ নির্ধারণে নীতিনির্ধারকদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
মন্তব্য করুন