জলমহালকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার প্যাডে এ নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজারে বিল মাসকা জলমহাল নিয়ে সাঈদ আহমেদের নেতৃত্বে দলীয় অস্ত্র নিয়ে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নোটিশে ওই নেতার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত দিনের মধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের কাছে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, দায়িত্বশীল পদে থেকেও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সে কারণেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বলেন, আমি নোটিশ পেয়েছি। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। আমি যথাসময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দেব।
মন্তব্য করুন