কিশোরগঞ্জ সদর উপজেলার ৪ নম্বর মহিনন্দ ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতা মো. ফায়জুল ইসলাম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি দলীয় নেতাদের সমর্থন ও ইউনিয়নবাসীর দোয়া-সমর্থন চেয়েছেন।
মো. ফায়জুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মহিনন্দ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ফায়জুল ইসলাম দলীয় বিভিন্ন কর্মসূচি ও স্থানীয় সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময় পাশে থাকার চেষ্টা করেন বলেও তাঁর অনুসারীরা জানান।
চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী হওয়ার বিষয়ে ফায়জুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় ধরে বিএনপির নীতি ও আদর্শের সঙ্গে রাজপথে আছি। আমার প্রিয় মহিনন্দ ইউনিয়নের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, দল তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও দীর্ঘদিনের ত্যাগ মূল্যায়ন করে তাঁকে মনোনয়ন দিলে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ পাবেন বলে তিনি আশাবাদী। এ জন্য তিনি দলীয় নেতৃবৃন্দের সমর্থনের পাশাপাশি মহিনন্দ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ফায়জুল ইসলাম বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত সড়কগুলোর উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং ইউনিয়ন পরিষদের সেবা আরও স্বচ্ছ ও জনবান্ধব করার উদ্যোগ নেবেন।
বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। তাঁর লক্ষ্য, স্থানীয় মানুষের অংশগ্রহণে মহিনন্দ ইউনিয়নকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।
মন্তব্য করুন