পুলিশের হাত থেকে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রেনু মিয়া পালিয়ে যাওয়ার ঘটনায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে মামলা হয়েছে। পুলিশের করা ওই মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে। এ ঘটনায় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিনকে ক্লোজড করার পাশাপাশি শোকজ করা হয়েছে।
আজ মঙ্গলবার কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) শরাফিন মিয়া বাদী হয়ে মামলাটি করেন। রেনু মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে মামলায়।
পুলিশের এজাহার অনুযায়ী, গতকাল সোমবার দুপুরে রেনু মিয়াকে গ্রেপ্তার করে দুই হাতে হাতকড়া পরানো হয়। এ সময় তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন সেখানে জড়ো হন।
একপর্যায়ে তাঁরা পুলিশকে ঘেরাও করে ধস্তাধস্তির মাধ্যমে রেনু মিয়াকে হাতকড়াসহ নিয়ে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
রেনু মিয়াকে ধরতে এরপর অভিযান শুরু করে পুলিশ। একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় নয় ঘণ্টা পর রাত ১০টার দিকে মাধবদী এলাকা থেকে তাঁকে আবার গ্রেপ্তার করে। তখনও তাঁর হাতে হাতকড়া ছিল বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে রেনু মিয়াসহ ১৫ জনের নাম রয়েছে। অন্য আসামিরা হলেন মনির হোসেন, সজিব মিয়া, তারেক, তাহমুদা বেগম, রাবিয়া বেগম, তামান্না বেগম, পাখি বেগম, সামিকা বেগম, সেলিনা বেগম, সুফিয়া বেগম, ইতি আক্তার (২৩), সাদিয়া (২০), আকলিমা আক্তার (২৬) ও রত্না (৩০)।
এজাহারে বলা হয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় এসআই শরাফিন মিয়া, কনস্টেবল বাবলু মিয়া ও কনস্টেবল সোহেল রানা আহত হন। পরে তাঁরা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
রেনু মিয়াকে গ্রেপ্তারের পর তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ সাত নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ইতি আক্তার, সাদিয়া, আকলিমা আক্তার ও রত্নাকে মামলায় আসামি করা হয়েছে। আজ তাঁদের আদালতে পাঠানো হয়।
অন্য তিন নারীর বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রশাসনিক কারণে কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিনকে ক্লোজড করা হয়েছে। হাতকড়াসহ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তাঁকে শোকজও করা হয়েছে।
মন্তব্য করুন