আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাই বা সহিংসতার সঙ্গে জড়িতদের কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, এ ধরনের অপচেষ্টায় জড়িত ব্যক্তিরা ‘ঝুঁকিতে’ থাকবেন।
আজ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব ডিজি এ কথা বলেন। তিনি জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে তফসিল ঘোষণার আগ থেকেই র্যাব প্রস্তুতি নিয়ে কাজ করছে। দেশের ৬৪ জেলা ও সব মেট্রোপলিটন এলাকায় র্যাবের স্ট্রাইকিং ও মোবাইল টিম দায়িত্ব পালন করছে।
এ কে এম শহিদুর রহমান বলেন, যুক্তিসংগত কারণ ছাড়া নির্দিষ্ট সময়ের বাইরে কোনো ব্যক্তি ভোটকেন্দ্র এলাকায় অবস্থান করতে পারবেন না। কোথাও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব প্রধান আরও বলেন, জঙ্গি হামলার নির্দিষ্ট কোনো হুমকির তথ্য নেই। তবে সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলায় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
মন্তব্য করুন