কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নিজের বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রোববার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে।
নিহত ব্যক্তি হলেন রমজান আলী (৪৫)। তিনি ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। অভিযুক্ত যুবকের নাম জুয়েল (২৬), তিনি নিহতের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চাপ ও নির্যাতন করতেন। ঘটনার রাতে বাবা-ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে জুয়েল দা দিয়ে তার বাবার ওপর হামলা চালান।
রমজান আলীর চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে জুয়েলকে ধরে ফেলেন এবং গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জুয়েলকে আটক করে থানায় নিয়ে যায়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন