কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট থেকে নৌকাযোগে বাড়ি ফেরার পথে নাগচিন্নি নদীতে পড়ে রেজওয়ান আহমেদ শুভ (২৬) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লিখা পর্যন্ত স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
শুভ সুতারপাড়া ইউনিয়নের সাগুলী গ্রামের মো. শহীদুল ইসলামের ছেলে। নিয়ামতপুর বাজারে তাঁর বাবার একটি টেইলার্সের দোকান রয়েছে। প্রতিদিন বাড়ি থেকে বাবা ও দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে আসতেন শুভ।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবারও বাড়ি থেকে খাবার নিয়ে শুভ নিয়ামতপুর বাজারে যান। বিকেলে খাবার দিয়ে নৌকায় করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। শহিদুল ইসলাম তাকে চামড়াঘাটে বাড়ির উদ্দেশ্যে যাওয়া নৌকায় তুলে দেন। নৌকা চামড়াঘাট থেকে কিছুদূর যাওয়ার পরেই ঢেউয়ের ঝাঁকুনিতে নাগচিন্নি নদীতে পড়ে যান তিনি। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি সাঁতার জানতেন না। প্রায় দেড় মাস আগে তাঁর বিয়ে হয়।
শুভর মামা নিয়ামতপুর মুড়িকান্দি গ্রামের মাহবুব হোসেন শাহ বলেন, ‘শুভকে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন নদীতে খোঁজ করছেন। এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।’
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেব খান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধান করছে। এখনো খোঁজ পাওয়া যায়নি।
মন্তব্য করুন