কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভাস্করখিলা বিলে অপরিকল্পিতভাবে মৎস্য খামার (ফিসারি) নির্মাণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও বোরো ফসল রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন কয়েক শ ক্ষতিগ্রস্ত কৃষক। আজ সোমবার সকালে বিলপাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কৃষকদের অভিযোগ, বিলে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে ফিসারি করায় কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিলে প্রভাবশালী কিছু ব্যক্তি নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র ফিসারি খনন করেছেন। এতে বিলের পানি নামার স্বাভাবিক পথগুলো রুদ্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রোপিত বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে তাঁদের সারা বছরের কষ্টার্জিত ফসল ঘরে তোলা সম্ভব হবে না।
মানববন্ধনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ। তিনি কৃষকদের অভিযোগ শোনেন এবং বিলে খনন করা বিভিন্ন ফিসারি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে ইউএনও বলেন, কৃষকের স্বার্থ সবার আগে।
তিনি তাৎক্ষণিকভাবে ভাস্করখিলা থেকে মাইজখাপন পর্যন্ত প্রবাহিত ‘পাঁচধা খালের’ উৎস মুখে দেওয়া অবৈধ বাঁধ ভেঙে দেওয়ার নির্দেশ দেন এবং খালটি দ্রুত পুনঃখননের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফের সাথে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জয়নাল আলম তালুকদার, মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, ভূমি সহকারী কর্মকর্তা জ্যোতির্ময় রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা নাছিরুজ্জামান সুমন। এছাড়াও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ক্ষতিগ্রস্ত কয়েক শ কৃষক এ সময় উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে তাঁরা বোরো ফসল রক্ষা করতে পারবেন। অনতিবিলম্বে খালটি খনন করে পানি চলাচলের স্থায়ী ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।
মন্তব্য করুন