চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। আজ সোমবার দুপুরে জঙ্গল সলিমপুরের প্রবেশমুখ ছিন্নমূল এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডিআইজি জানান, দীর্ঘদিনের প্রচেষ্টার পর এবার যৌথ বাহিনীর অভিযান সফল হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। তবে চূড়ান্ত সংখ্যাটি সব ইউনিটের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে আহসান হাবীব পলাশ বলেন, ‘২০০০ সাল থেকে একটি শক্তিশালী চক্র এখানে অবৈধভাবে পাহাড় দখল, জমির ভুয়া কাগজ তৈরি ও কেনাবেচা করে আসছিল। এলাকাটি এতটাই দুর্গম ও বিপদসংকুল ছিল যে সাধারণ মানুষ তো দূরের কথা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেখানে প্রবেশ করতে ভয় পেত।’
তিনি আরও জানান, এর আগে চারবার অভিযান চালানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এবার পঞ্চমবারের মতো পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরকে দখলমুক্ত করে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।
এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেখানে স্থায়ীভাবে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুটি আলাদা ক্যাম্প স্থাপন করা হচ্ছে বলেও জানান ডিআইজি।
উল্লেখ্য, জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা উচ্ছেদ ও সরকারি জমি উদ্ধারে সকাল থেকেই ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মন্তব্য করুন