কিশোরগঞ্জে ভূমি সংক্রান্ত সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ২১ মে পর্যন্ত জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে এই মেলা অনুষ্ঠিত হবে।
আজ রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করবেন। কেন্দ্রীয় উদ্বোধনের পর পরই কিশোরগঞ্জের মেলা প্রাঙ্গণগুলো থেকে নাগরিকদের তাৎক্ষণিক ভূমি সেবা দেওয়া শুরু হবে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মেলায় নাগরিকেরা অনলাইন ও মেলা বুথের মাধ্যমে খুব সহজেই বিভিন্ন সেবা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—land.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের আবেদন। এছাড়া মেলা চলাকালীন জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের লাইসেন্স প্রদান করা হবে।
মেলা উপলক্ষে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মকে সচেতন করতে শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত বিষয়ে সম্যক ধারণা দেওয়া হবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
ভূমি সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে জেলা প্রশাসনের গৃহীত এই পদক্ষেপসমূহ সফল করতে এবং তা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফ প্রমুখ।
মন্তব্য করুন