কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকের টাকার জন্য মাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই গেন্দু মিয়া (৩০) নিহত হয়েছেন। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেবকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে এলাকাবাসী আটক করে পুলিশ দিয়েছে। নিহত গেন্দু মিয়া চরদেবকান্দি গ্রামের কালাচান মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেন্দু মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার সন্ধ্যায় তিনি মাদকের টাকার জন্য নিজের মাকে মারধর শুরু করেন। এ সময় বড় ভাই হৃদয় মিয়া এগিয়ে এসে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই হৃদয় মিয়া ছুরি দিয়ে ছোট ভাই গেন্দু মিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত গেন্দু মিয়াকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে। নিহত গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন