নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক ব্যাংকার ফিরোজ উদ্দিন ভূঞা সভাপতি ও সাংবাদিক মো. ফারুকুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার আলমগীর হোসেন সিটির ‘জলতরঙ্গ ফুড জোন’-এ আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
সংগঠনের জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞার সভাপতিত্বে সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল এবং সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন।
এছাড়াও সিনিয়র সাংবাদিক সাইফ উদ্দিন আহমেদ লেলিন, সাংবাদিক আবু তাহের, জাসাস জেলা শাখার আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল, নিসচার সহসভাপতি বদরুল হুদা সোহেল ও রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেন।
নতুন কমিটি গঠনের লক্ষে বর্তমান কমিটি বিলুপ্ত করে জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক মু আ লতিফকে প্রধান করে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খান এবং আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু।
প্রধান নির্বাচন কমিশনার মু আ লতিফ উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নাম ঘোষণা করেন। একইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়।
সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন।
মন্তব্য করুন