আফগানিস্তানের ভেতরে সামরিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে একটি আদালতের বাইরে ও দক্ষিণ ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলার পর এমন ইঙ্গিত দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বড়সড় ওই দুটি পর তিনি আফগান তালেবান সরকারকে কঠোর ভাষায় অভিযুক্ত করে বলেন, আফগান তালেবান সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। আর তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। উল্লেখ্য, পর পর দু’দিনে পাকিস্তানে দুটি বড় সন্ত্রাসী হামলা হয়।

একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ক্যাডেট কলেজ ওয়ানায়, অন্যটি রাজধানী ইসলামাবাদে। জিও নিউজের অনুষ্ঠান ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’-এ প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, আফগানিস্তানের ভেতরে সীমান্তপারের সামরিক অভিযানকে এখন আর বাতিল করা যাচ্ছে না। তিনি আফগান তালেবান সরকারের পক্ষ থেকে হামলার নিন্দা জানানোর বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন, ওদের দুঃখপ্রকাশ আন্তরিকতার প্রমাণ নয়। যারা ওদের আশ্রয়ে আছে, তারাই বারবার আমাদের আক্রমণ করছে।