কিশোরগঞ্জে বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল হস্তান্তর করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত এক মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা পুলিশের সাইবার টিম ও সংশ্লিষ্ট থানাগুলো। মোবাইল ফোনগুলো হারিয়ে যাওয়ার পর ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই সূত্রের ওপর ভিত্তি করেই আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফোনগুলো উদ্ধার করা হয়।

​মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। তিনি পুলিশের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “হারানো মোবাইল উদ্ধার করে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো পুলিশের কর্মদক্ষতারই বহিঃপ্রকাশ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।”

​কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া প্রমুখ।

​অনুষ্ঠানে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, “আমরা জনগণের জানমালের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ। যারা অক্লান্ত পরিশ্রম করে এসব মোবাইল ফোন উদ্ধার করেছেন, তাদের ধন্যবাদ জানাই। বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন টিম প্রশংসনীয় কাজ করেছে।” তিনি আরও জানান, জেলা পুলিশের এ ধরনের সেবা আগামীতেও অব্যাহত থাকবে।

​দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোনটি হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এমনই একজন বলেন, “মোবাইলটি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। আজ সেটি ফিরে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। পুলিশের এই তৎপরতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”