কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তরুণ সিনেমাটোগ্রাফার ও ফটোগ্রাফারদের মিলনমেলা। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও মতবিনিময়ের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। জেলায় তৃতীয়বারের মতো এই মিলনমেলার আয়োজন করা হলো।
আয়োজনে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় ৮০ জন তরুণ সিনেমাটোগ্রাফার ও ফটোগ্রাফার অংশগ্রহণ করেন। দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর এক ছাদের নিচে জড়ো হয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও আড্ডায় মেতে ওঠেন তারা।
ইফতার পরবর্তী আড্ডায় উঠে আসে কাজের নানা অভিজ্ঞতার কথা। প্রযুক্তির ব্যবহার, সিনেমাটোগ্রাফির আধুনিক কৌশল এবং সৃজনশীল ফটোগ্রাফির বর্তমান প্রেক্ষাপট নিয়ে তরুণরা নিজেদের মধ্যে প্রাণবন্ত আলোচনা করেন। এ সময় প্রবীণ ও নবীন কর্মীদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হয়।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে। তারা জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে নতুনরা অভিজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে জেলায় সৃজনশীল কাজের মান আরও বৃদ্ধি করবে।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, শুধু ইফতার মাহফিল নয়, বরং বছরজুড়ে বিভিন্ন কর্মশালা ও প্রদর্শনীর মাধ্যমে এই ধারা অব্যাহত থাকবে। এর ফলে জেলার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অঙ্গনে নতুন এক দিগন্তের উন্মোচন হবে বলে তারা বিশ্বাস করেন।