বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত রোববার সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও আটটি পদে রদবদল আনা হয়েছিল।

নতুন আদেশে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফট্যানেন্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমান কিউএমজি লেফট্যানেন্ট জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে লেফট্যানেন্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসি-তে বদলি করা হয়েছে।

এছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটি-র কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।