কিশোরগঞ্জের কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক মো. মারগুব তৌহিদকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইওয়ে পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাইওয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে তাকে ক্লোজড করা হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দিলে এটার উপর ভিত্তি করে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিবো।
জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান বলেন, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া ইতিবাচক। তবে শুধু বদলি বা ক্লোজড করলেই চলবে না, টোকেন পদ্ধতিতে চাঁদা আদায়ের নেপথ্যের পুরো চক্রকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এদিকে সড়কটিতে চলাচলকারী কয়েকজন চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিবেদন প্রকাশের পর থেকে নির্দিষ্ট কয়েকটি চেকপোস্টে আগের মতো তৎপরতা দেখা যাচ্ছে না। তবে পরিস্থিতি স্থায়ীভাবে বদলাবে কি না, তা নিয়ে তারা এখনো শঙ্কায় আছেন।