আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। বিষয়টি সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এ অধিবেশন আহ্বান করেছেন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এবং ২০২৬ সালের প্রথম অধিবেশন।
প্রচলিত রীতি অনুযায়ী, নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করেন। ওই ভাষণে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরা হয়। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য শপথ গ্রহণসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। আগামী ১২ মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হবে।