এবার মেডিকেলে ৫% আসন কমল
নিজস্ব প্রতিবেদক
এবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ৫ শতাংশ আসন কমিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। অবকাঠামো ও জনবল-ঘাটতি আছে এমন কলেজে আসন কমেছে। মন্ত্রণালয় বলছে, চিকিৎসা শিক্ষার মান উন্নয়নের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ছাড়া মন্ত্রণালয় দুটি বেসরকারি মেডিকেল কলেজে এ বছর শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হলো মুন্সিগঞ্জের বিক্রমপুর ভুইয়া মেডিকেল কলেজ ও শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ। অবশ্য এসব কলেজে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
গত শিক্ষাবর্ষে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। এবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১৪টি মেডিকেল কলেজের আসন কমানো হয়েছে ৩৫৫টি। ৩টি মেডিকেল কলেজের আসন বাড়ানো হয়েছে ৭৫টি। বাকি কলেজগুলোর আসন অপরিবর্তিত আছে। এভাবে সরকারি মেডিকেল কলেজে মোট আসন কমেছে ২৮০টি, বর্তমান যা ৫ হাজার ১০০ রয়েছে।