সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সব সংশ্লিষ্ট সংস্থা প্রস্তুত। গাজীপুর জেলা পরিদর্শনকালে তিনি বলেন, “নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী—সবাই নির্বাচনের সফলতার প্রতি আগ্রহী।”

সেনাপ্রধান আরও বলেন, ভোটের সময় কিছু অপরাধমূলক ঘটনা ঘটতে পারে, তবে এগুলো নিয়ন্ত্রণে রাখা হবে। ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দিলে সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনের নিরাপত্তা ও সমন্বয় বিষয়ে আলোচনা করেন।

সভায় পেশাদারিত্ব, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।