অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিকে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি করার বিষয়টি নিয়ে সমালোচনার মুখে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, এসব উদ্যোগ কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিন ধরে চলমান প্রক্রিয়ার অংশ।
সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের সঙ্গে সামরিক চুক্তি নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, এ ধরনের বিষয় আগের পরিকল্পনার ধারাবাহিকতা।
পরবর্তী সরকার এসব চুক্তি বাস্তবায়ন না করলে অন্তর্বর্তী সরকারের দায় কী—এমন প্রশ্নে ড. খলিলুর রহমান বলেন, এটি অনুমাননির্ভর বিষয়, এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।
এদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা নিয়ে ওঠা সমালোচনার জবাবে তিনি বলেন, সব দেশে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা নেই, তাই বিষয়টি ভিন্নভাবে দেখা উচিত।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়। তবে এর পাশাপাশি প্রতিরক্ষা খাতে নেওয়া একাধিক বড় উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা।