কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত হয়েছেন। নিহত মাহমুদুল হাসান কামাল (কামাল মেম্বার) ছিলেন আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দুই ভাইয়ের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধের একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা হয়। এতে কামাল মেম্বার মাথায় গুরুতর আঘাত পান এবং তার ছেলে কাঁকনও আহত হন। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ঢাকা মেডিকেলে কামাল মেম্বারের মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ এবং পূর্বের ঘটনায় বিচার না হওয়ায় প্রধান অভিযুক্ত সাদ্দাম হোসেন আরও বেপরোয়া হয়ে ওঠে।
পুলিশ জানায়, ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল উদ্দিন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত সাদ্দামকে ধরতে অভিযান চলছে।