ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে যৌথ বাহিনীর অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৮ জানুয়ারি) গভীর রাতে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শিবপুর ইউনিয়নের পাক্কারমাথা এলাকায় অভিযান চালানো হয়। রাত আনুমানিক ২টার দিকে রাজুর একটি অটো গ্যারেজে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৭ জনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন—শম্ভুপুর শান্তিপাড়া এলাকার রাজু আহম্মেদ অনিক ওরফে রাজু সরকার (৩২), সাব্বির হোসেন ওরফে সাদির (২৯), তানভীর মিয়া (২০), সাজিজ মিয়া (২৭), পৌর শহরের জগন্নাপুর এলাকার মনির মিয়া (৩৮), রানা (২৫) এবং পঞ্চবটি এলাকার অন্তর মিয়া (২৪)।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা ১০ থেকে ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ জানান, এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনা রোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।