কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে হোসেনপুর ও গফরগাঁও উপজেলা প্রশাসন। অভিযানে একটি এক্সক্যাভেটর (ভেকু) এবং একটি মাটি বহনকারী ট্রাক্টর আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হোসেনপুর উপজেলার জিনারী নতুন সড়ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় হোসেনপুর উপজেলার চর হটর আলগী ও গফরগাঁও উপজেলার চর আলগী মৌজার সীমান্ত এলাকায় গড়ে ওঠা একটি অবৈধ বালুর টালায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ এবং গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি। এ ছাড়া অভিযানে অংশ নেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ আর্টিলারি ব্রিগেডের সদস্যরা।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর ও মাটি পরিবহনের একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে জব্দকৃত যানবাহনগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়।
এর আগে, গত ২৪ জানুয়ারি হোসেনপুর উপজেলার সাহেবের চর এলাকায় ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে পৃথক অভিযান পরিচালনা করা হয়। যদিও ঘটনাস্থলে ড্রেজার পাওয়া যায়নি, তবে ড্রেজিং কার্যক্রমে ব্যবহৃত অবৈধ পাইপ নদীতে স্থাপন অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়।
হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ জানান, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।