উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশের মাধ্যমে নিজেরাই বিষয়টি জানান এই দম্পতি।
জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য এবং শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
ফেসবুকে বিয়ের মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করে যৌথভাবে রাফসান ও জেফার লেখেন, তাঁদের প্রিয় মানুষদের ভালোবাসা ও আশীর্বাদে নতুন পথচলা শুরু করছেন তাঁরা। একসঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা উপলক্ষে সবার দোয়া কামনা করেন এই নবদম্পতি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জেফার রহমান ও রাফসান সাবাবকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রায় দুই বছর ধরে বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তাঁরা। বরাবরই নিজেদের শুধুমাত্র বন্ধু ও সহকর্মী হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার রাতে হঠাৎ করেই তাঁদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। তখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠজনদের সূত্রে জানা যায়, বুধবারই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে। শেষ পর্যন্ত দুপুরে ছবি প্রকাশের মধ্য দিয়ে সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়।
প্রসঙ্গত, রাফসান সাবাব ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া সুলতানা এশাকে বিয়ে করেন। তিন বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালের শেষ দিকে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। ওই সময় সানিয়া সুলতানা এশা জানান, তিনি এই বিচ্ছেদ চাননি। এরপর থেকেই নতুন করে আলোচনায় আসে রাফসান ও জেফারকে ঘিরে নানা গুঞ্জন।