বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন শিক্ষার্থী জাপানভিত্তিক সংস্থা নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (NEF)–এর শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ মেয়াদের এই বৃত্তি প্রদান উপলক্ষে সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে একটি আনুষ্ঠানিক আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ বছর বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভেটেরিনারি অনুষদ থেকে নির্বাচিত হয়েছেন মোছা. জান্নাতি আকতার বন্যা ও মো. আল আমিন। কৃষি অনুষদের শিক্ষার্থীরা হলেন মোছা. মারিয়া খান আঁচল, জুবায়ের আমিন, শাহানা ইসলাম হৃদি, নিহারিকা মোহান্ত এবং মোছা. আয়েশা খাতুন। পশুপালন অনুষদ থেকে বৃত্তি পেয়েছেন মো. ইশতিয়াক উদ্দীন খান, ফাওজিয়া ফারিহা ও মো. শরীফ হোসেন। এছাড়া মাৎস্যবিজ্ঞান অনুষদের উম্মে হানি মৌলি ও সাদিয়া আফরোজ ইমা এই তালিকায় রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার স্বীকৃতি হিসেবেই এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এ ধরনের আর্থিক সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার প্রতি আরও মনোযোগী করে তুলবে এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের ধারা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন।