দীর্ঘ প্রায় দুই দশক পর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার বিকেল ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছায় তারেক রহমানের গাড়িবহর। এ সময় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানান। এরপর মূল ফটক দিয়ে কার্যালয়ে প্রবেশ করেন তারেক রহমান। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান।
কার্যালয়ে যাওয়ার পর বারান্দায় এসে বাইরে ভিড় করা নেতা-কর্মীদের সড়ক খালি করে দেওয়ার অনুরোধ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রিয় ভাইয়েরা, এক মিনিটে একটু কথা বলি। আজকে যেহেতু আমাদের এখানে অনুষ্ঠান নেই, আমরা যদি এই রাস্তা এখন বন্ধ করে রাখি, তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু এখানে আজকে আমাদের কর্মসূচি নেই, এ জন্য আমরা রাস্তাটা খুলে দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করি…যাতে মানুষ চলাফেরা করতে পারে।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং দলের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা ও কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আজ বেলা ৩টার দিকে গুলশানের বাসা থেকে নয়াপল্টনের উদ্দেশে রওনা হন তারেক রহমান। এর আগে গতকাল রোববার প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান তারেক রহমান।