কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপ ভ্যানসহ আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে হোসেনপুর থেকে ডাকাত দলের সদস্যদের পিছু ধাওয়া করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার (১ নভেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার চানপুর গ্রামের ইউনুছ খান (৪৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার পরান পয়েলা গ্রামের মো. ইউসুফ হোসেন (৩৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাতপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং বগুড়ার ধুনট উপজেলার আমনগড় গ্রামের আ. মালেক ওরফে ছালেক (৫০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাতে হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকার হোসেনপুর-গফরগাঁওগামী ব্রিজের পূর্ব প্রান্তে পাকা রাস্তার ওপর ৮ থেকে ৯ জনের একটি আন্তজেলা ডাকাত দল পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদ পায় পুলিশ।
পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি পালানোর চেষ্টা করলে তাদের পিছু ধাওয়া করে ভালুকা থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি রামদা উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি স্মার্টফোন ও পাঁচটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা ডাকাত চক্রের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।