কিশোরগঞ্জের মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ১৭ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে। এ ছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়।
আজ বুধবার (২৮ অক্টোবর) মিঠামইন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামী রিলিফ বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী রিলিফ বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা, ফিন্যান্স কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী প্রকল্প ব্যবস্থাপক ফারজানা পারভীন, মিঠামইন বাজার বণিক সমিতির সভাপতি শাহিরিল আলম তপন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইলিছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএডিসি কর্মকর্তা মো. রুবেল মিয়া, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মশিউর মিয়া এবং ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রেজাউল শেখসহ অন্যরা।
অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগজীবাণুর বিস্তার রোধ এবং সুস্থ জীবনযাপনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ উপজেলার এসএসসি জিপিএ-৫ পাওয়া ১৭ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেচ ও ফুল দেওয়া হয়। এ ছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে শিক্ষা উপকরণ পুরস্কার তুলে দেওয়া হয়।