​‘পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার ৩৩ নং দক্ষিণ মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‍্যালি, বেলুন ও ফেস্টুন উড্ডয়ন, হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। এতে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। এতে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনন্দিন জীবনে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষা, সংক্রামক রোগ প্রতিরোধ এবং সুস্থ-সবল প্রজন্ম গঠনের অন্যতম পূর্বশর্ত।

বিশেষ করে শিশুদের মধ্যে হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ​আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়।