কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মোঃ আলমগীর ওরফে আলম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার আমাটি শিবপুর এলাকায় তাঁর নিজ বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর সদর উপজেলার আমাটি শিবপুর এলাকার মৃত আবু তাহের ও মোছাঃ জাহানারা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আমাটি শিবপুর এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় আলমগীরের বাড়ির সামনের পাকা রাস্তায় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।