পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তালবীজ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রয়াস’।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কৃষিজমি ও ফসলের মাঠে এ কর্মসূচি পরিচালনা করা হয়। এর আওতায় নওভাগিয়া বিল, ছয়চির বিল, মুনিয়ারিকান্দা ও চরলক্ষী এলাকায় প্রায় ১৫০টি তালবীজ রোপণ করা হয়েছে।

‘বজ্রপাতের ঝুঁকি কমাতে, তালগাছ লাগাই মাঠে-ঘাটে’ স্লোগানে আয়োজিত এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করে সংগঠনটির পরিবেশ সুরক্ষা সেল।

কর্মসূচির শুরুতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রয়াসের পরিবেশ সুরক্ষা সেলের তত্ত্বাবধায়ক, কবি ও সবুজকর্মী গোলাপ আমিন। সভায় বক্তব্য দেন শিক্ষক ও সমাজসেবক এম. এস. আল মামুন, প্রয়াসের আহ্বায়ক নূরুল জান্নাত মান্না এবং পরিবেশ সুরক্ষা সেলের সমন্বয়ক মাহাদী হাসান প্রান্ত।

এ সময় উপস্থিত ছিলেন প্রয়াসের অর্থ সমন্বয়ক মোস্তাক আহমেদ সিয়াম, সহ-অর্থ সমন্বয়ক মো. মোছাদ্দীকুজ্জামান, মিডিয়া সমন্বয়ক আরিফুল ইসলাম, সদস্য ইসতিয়াক হাসান মাহিন, ইমন আহমেদ, কায়সার হাবিব, রাফসান রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য।

আয়োজকরা জানান, তালবীজ রোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে অবদান রাখার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে কৃষিজমিতে কাজ করা মানুষের মধ্যে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় গ্রহণের গুরুত্ব তুলে ধরাও এ কর্মসূচির একটি লক্ষ্য।

তারা আরও জানান, পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়াতে এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে ‘প্রয়াস’ ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখতে চায়।