বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে ভারত থেকে দেশে এসে পৌঁছেছে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ। ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানের এই কোচগুলো আজ শুক্রবার দুপুর ২টা ৩৭ মিনিটে গেদে-দর্শনা আন্তর্জাতিক রেল সংযোগ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

​রেলওয়ে সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেলকোচ ফ্যাক্টরি থেকে এই আধুনিক কোচগুলো সরবরাহ করা হচ্ছে। প্রথম চালানে আসা ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, ৩টি এসি চেয়ার কার, ২টো এসি স্লিপার কেবিন এবং ২টি এসি পাওয়ার কার।

​আসন ঘনত্বের দিক থেকে নন-এসি কোচগুলোতে ১০৪টি এবং এসি চেয়ার কারে ৮০টি করে আসন রয়েছে। অন্যদিকে, এসি স্লিপার কেবিনে দিনে ৪৮ জন এবং রাতে ২৪ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।

​বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম জানান, দর্শনা স্টেশনে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কোচগুলো ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে সরাসরি সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে আনলোডিং ও চূড়ান্ত পরীক্ষার পর দ্রুত এগুলোকে রেলের নিয়মিত বহরে যুক্ত করার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগীয় কর্মকর্তারা নিজ নিজ ক্ষেত্র থেকে কাজ শুরু করেছেন।

​কোচগুলো হস্তান্তরের সময় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. জয়দুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) পাকশীর কমান্ড্যান্ট মো. রেজওয়ান উর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাছিনা খাতুন, বিভাগীয় প্রকৌশলী-১ গৌতম বিশ্বাস, সহকারী কমান্ড্যান্ট মো. ফিরোজ আহমেদ এবং ভারতীয় প্রতিনিধি মিরাজ ও আকরামসহ দুই দেশের ঊর্ধ্বতন রেল কর্মকর্তারা।