‘আমাদের হাত আমাদের ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
পৌরসভা কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার কিশোরগঞ্জের সহকারী পরিচালক রাহুল ঘোষ।
আলোচনা সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, নগর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক তাজরীন তাবাসসুম ও পৌরসভার হিসাবরক্ষক সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রাহুল ঘোষ বলেন, বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগ থেকে আত্মরক্ষায় সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে সবাইকে দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।