কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক উদ্ধার ও অনলাইন জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজনকে অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় ও চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠায় পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে কুলিয়ারচরের দাড়িয়াকান্দি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ায় জড়িত তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন মো. লোকমান মিয়া (২৯), মো. সোহান মিয়া (২৫) ও মো. ফারুক মিয়া (৩৫)। অভিযানের সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় ইয়াছিন ওরফে রাহিম মিয়া নামে অপর একজন পালিয়ে যান।

​অন্যদিকে, পৃথক মাদকবিরোধী অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. রাকিব মিয়া (২৫), মো. রকি মিয়া (১৯), তানজিম (১৯) ও আবু সালাম (৫০)। পুলিশ জানায়, তাঁদের প্রত্যেকের কাছ থেকে ১০ গ্রাম করে মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

​এ ছাড়া অভিযানকালে আটক আকরাম হোসেনকে (২০) ছয় মাস এবং অনিক মিয়াকে (২৫) এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইজাজুল হক।

​কুলিয়ারচর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় ও থানা-পুলিশের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। কুলিয়ারচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।