সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করায় আন্তর্জাতিক আকাশপথে যাত্রী পরিবহনে অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা থেকে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৮৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন ১৪ হাজার ৬৫৫ জন যাত্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবরটি নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৩৯টি সরাসরি পরিচালিত। এর মধ্যে দেশীয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বোচ্চ ১৭টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে। এছাড়া সৌদিয়া এয়ারলাইনসের ৫টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন দেশের ৫০টি ট্রানজিট ফ্লাইটও এ পরিস্থিতির কারণে ব্যাহত হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে ইনডিগো; এয়ারলাইনসটির ২২টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের ৬টি করে, সালামএয়ারের ৪টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।
ফ্লাইট বিপর্যয় ঘটায় সাধারণ যাত্রীদের নির্ধারিত ভ্রমণসূচি ও সংযোগকারী ফ্লাইট ধরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদিগামী বা সেখান থেকে অন্যান্য গন্তব্যে যাতায়াতকারী সব যাত্রীকে বিমানবন্দরে পৌঁছানোর আগেই নিজ নিজ এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের হালনাগাদ তথ্য জেনে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।