কিশোরগঞ্জের বাজিতপুরে ক্ষতিকর রাসায়নিক রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে মো. শামীম নামে এক বেকারি মালিককে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।

​গতকাল বুধবার কিশোরগঞ্জের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এই রায় দেন।

​আদালতের নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের ২৬ জুলাই বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, পরিদর্শক, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

​ঐ দিন দুপুরে অভিযানের খবর পেয়ে শামীম নিজের মালিকানাধীন ‘সান বেকারি’ ও ‘সততা বেকারি’ ফেলে সটকে পড়েন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সান বেকারিতে তল্লাশি চালিয়ে চরম নোংরা পরিবেশে খাবার তৈরি এবং তাতে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহারের প্রমাণ পান পরিদর্শন দল।

​ঘটনার পর নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৪০ ধারায় শামীমের বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন।

​রায়ে আইনের ৩৩ ধারায় আসামিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা (অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং ৪০ ধারায় আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।