চট্টগ্রামের পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরের বিশাল সরকারি খাসজমি উদ্ধার করে অঞ্চলটিকে অপরাধমুক্ত করতে বড় ধরনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সেখানে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে নির্মাণ করা হবে একটি অত্যাধুনিক পুলিশ একাডেমি। একই সঙ্গে বর্তমানে ঘিঞ্জি ও অপ্রতুল জায়গায় থাকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারটি ওই এলাকার ৭২ একর জমিতে স্থানান্তর করা হবে।

​আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত দুটি গুরুত্বপূর্ণ সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ এবং ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

​ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি পুনরুদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাস ও অপরাধমুক্ত করার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। এই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা সেখানে দুটি বড় সরকারি অবকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি জানান, প্রায় ৩০০ একর জমিতে সারদা একাডেমির আদলে নতুন পুলিশ একাডেমি ও ৭২ একর জায়গায় কেন্দ্রীয় কারাগার নির্মাণের পাশাপাশি ওই এলাকায় বসবাসরত অবৈধ অধিবাসীদের নিয়মতান্ত্রিক পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

​পাহাড়বেষ্টিত জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু, অবৈধ দখলদার ও নানা অপরাধী চক্রের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পরও দুর্গম ভূমির কারণে পুরো এলাকা নিয়ন্ত্রণে আনা কঠিন ছিল। সরকারের এই নতুন মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম অঞ্চলে আইনশৃঙ্খলা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি জঙ্গল সলিমপুর অপরাধমুক্ত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।