কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কমিটিই নেই। তাই কমিটি না থাকা সত্ত্বেও দুই নেতাকে দল থেকে বহিষ্কারের কথা বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তাকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করেছে দলটির জেলা শাখা।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা এনসিপির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অবস্থান জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়িবাড়ি ইউনিয়নে এনসিপির আহ্বায়ক পদে হুমায়ুন কবির ও সদস্য সচিব পদে ফরহাদ মিয়াকে রাখা হয়েছিল এবং সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে এমন একটি কথা ছড়ানো হচ্ছে। তবে বাস্তবে সেখানে এনসিপির কোনো আহ্বায়ক কমিটিই অনুমোদন দেওয়া হয়নি। যে জায়গায় কোনো কমিটিই নেই, সেখানে পদ ও বহিষ্কারের দাবি পুরোপুরি অবান্তর।

​বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন ভুয়া তথ্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং জেলা শাখা এর কোনো দায় নেবে না। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভেঙে যারা এসব ভুয়া তথ্য ছড়াচ্ছে, খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে বুধবার (৭ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব এ.কে.এম. আরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ইটনায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততা গোপন রেখে সংগঠনে পদ নেওয়ার অভিযোগে বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক পদে হুমায়ুন কবির ও সদস্য সচিব পদে ফরহাদ মিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।