কিশোরগঞ্জের ইটনায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততা গোপন রেখে সংগঠনে পদ নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব এ.কে.এম. আরিফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন, উপজেলার ৬ নম্বর বড়িবাড়ী ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির এবং সদস্য সচিব মো. ফরহাদ মিয়া।
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৭ জুন বড়িবাড়ী ইউনিয়নে এনসিপির একটি কমিটি গঠন করা হয়েছিল। উক্ত কমিটিতে হুমায়ুন কবির প্রধান সমন্বয়কারী এবং ফরহাদ মিয়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পান। তবে সম্প্রতি প্রকাশ পায়, হুমায়ুন কবির স্থানীয় বড়িবাড়ী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি পদে ছিলেন। আর ফরহাদ মিয়া ছিলেন একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়টিকে দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শের মারাত্মক লঙ্ঘন উল্লেখ করে জেলা এনসিপির সদস্য সচিব জানান, সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদ সহ সব ধরণের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।