কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত ১ অক্টোবর মামলাটি আমলে নিয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ অনুযায়ী, নিকলী উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে তার ছোট ভাইয়ের স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতন করারও অভিযোগ রয়েছে।

বাদীর স্বামী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে নাইটগার্ড হিসেবে কর্মরত। তাদের সংসারে রয়েছে দুই শিশুসন্তান।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে বাদীর স্বামী কর্মস্থলে চলে গেলে তিনি দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে যান। পরে ঘরে ফিরে আসার সময় দরজার আড়ালে ওত পেতে থাকা জামাল উদ্দিন তাকে জাপটে ধরেন।

এ সময় জামাল উদ্দিন হাতে থাকা ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং জোরপূর্বক তার কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ধস্তাধস্তির একপর্যায়ে গৃহবধূর গোঙানির শব্দে তার দুই শিশুসন্তানের ঘুম ভেঙে যায়। তারা কান্নাকাটি ও চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকেন। এ সময় জামাল উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে বাদীর অভিযোগ।

ঘটনার পর গৃহবধূ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এরপর গত ১ অক্টোবর আদালতে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

স্থানীয় কয়েকজনের দাবি, জামাল উদ্দিনকে একসময় কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত বলে দাবি করা হতো। তার বিরুদ্ধে ভূমি-সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও স্থানীয়রা দাবি করেন।

এ ছাড়া স্থানীয় সূত্রের দাবি, এর আগেও বিভিন্ন সময়ে নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জামাল উদ্দিনকে আটকের ঘটনা ঘটেছে। ২০২৩ সালে জারইতলা ইউনিয়নের ধারিশ্বর গ্রামে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে আটকের দাবি করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন আগে নিকলী সদর ইউনিয়নের কুর্শা গ্রামেও একই ধরনের ঘটনায় তাকে আটকের অভিযোগ রয়েছে।

২০২২ সালে কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর সঙ্গে তাকে আটকের কথাও স্থানীয় সূত্রে জানা গেছে। গত বছর করিমগঞ্জ উপজেলার গুণধর এলাকায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের পর অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগও রয়েছে।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব।”