কিশোরগঞ্জ জেলা ও সদর সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে সরকারি বালাম বইয়ের পাতা চুরি এবং তথ্য জালিয়াতির অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কার্যালয়টির রেকর্ড কিপার দীপালী রানী পাল বাদী হয়ে গত ২ অক্টোবর এই মামলা করেন।
মামলায় ললিত সরকার (৪৯) নামের এক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ললিত সরকার কিশোরগঞ্জের পূর্ব তারা পাশা এলাকার মৃত সুদন সরকারের ছেলে।
মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর সকালে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশ পপি সাহা রেকর্ড কিপার দিপালী রানী পালকে জানান যে, গত ৩০ সেপ্টেম্বর ললিত সরকার সাব-রেজিস্ট্রি অফিসের সরকারি রেজিস্ট্রি বালাম নম্বর-৫৮ এর ৩৯ থেকে ৪৬ নম্বর পৃষ্ঠা (মোট ৮ পৃষ্ঠা) ছিড়ে নিয়ে তাঁর বাসায় হাজির হন এবং সেটির একটি অবিকল নকল কপি তৈরি করে দেওয়ার অনুরোধ জানান। তবে বালামের পাতার লেখা কাটাছেঁড়া ও নাম-ঠিকানা পরিবর্তন করা দেখে এবং সরকারি নথি একজনের ব্যক্তিগত হাতে আসায় পপি সাহার সন্দেহ হয়। তিনি ওই দলিলের নকল লিখতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে রেকর্ড কিপার দিপালী রানী পাল বিষয়টি যাচাই করতে বালাম নম্বর-৫৮ পরীক্ষা করে দেখেন যে ৩৯ থেকে ৪৬ নম্বর পর্যন্ত পৃষ্ঠাগুলো বালাম বইয়ে অনুপস্থিত। দীপালি রানী পালের ধারণা গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে যেকোনো সময়ে ললিত সরকার অজ্ঞাত আসামীদের সহযোগিতায় অফিসে প্রবেশ করে প্রতারণা ও জালিয়াতির উদ্দেশ্যে বালাম বইয়ের ওই অংশটি চুরি করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, মামলা দায়েরের পর গত ২ অক্টোবর দুপুরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা ললিত সরকারকে রিমান্ডে নেয়ার জন্য আবেদন করেছি।
এ বিষয়ে কথা বলতে কিশোরগঞ্জের সাব রেজিস্ট্রার নাজমুল ইসলামের মন্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।