ডেঙ্গুমুক্ত শহর গড়তে কিশোরগঞ্জে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ পৌরসভার আয়োজনে গাইটাল আঃ ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলার কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এসব জায়গা ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননক্ষেত্রে পরিণত হচ্ছে। তাই ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার জন্য তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে হবে। পৌরসভা ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর গড়ে তোলা সম্ভব।

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মোদক, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, আজিজুল হক ও সারোয়ার জাহান চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা অঞ্জলি, জনতা স্কুল রোডের বাসিন্দা আবু বকর মাস্টার, সিরাজউদ্দীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান।

উঠান বৈঠকে গাইটাল আঃ ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও স্থানীয় অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।