কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শিয়ালের কামড়ে নয়জন নারী-পুরুষ আহত হয়েছেন। একই ঘটনায় দুটি গরুও শিয়ালের কামড়ে আহত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পাড়া মন্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ছকিনা বেগম (৫০), শামসুন্নাহার (৪৫), হারিছা বেগম (৩৪), পারভীন আক্তার (৩০), জোছনা আক্তার (৩৮), জরিনা বেগম (৩৭), সবুজ মিয়া (৫৫), কাশেম আলী (৪৫) ও বোরহান মিয়া (৩৮)। তাঁদের মধ্যে কয়েকজনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শিয়ালটি প্রথমে গ্রামের দুটি গরুকে কামড় দেয়। গরু দুটিকে রক্ষা করতে মালিকেরা এগিয়ে গেলে শিয়ালটি তাঁদের ওপর হামলা করে। পরে একে একে আরও কয়েকজনকে কামড়ে আহত করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ঈশা খান বলেন, রাতে শিয়ালের কামড়ে আহত তিনজন হাসপাতালে আসেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।