কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবু বাক্কার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাকে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত আবু বাক্কার ওই গ্রামের মৃত রোছমত আলীর ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) অভিযুক্ত আবু বাক্কারের (৬০) বিরুদ্ধে কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে শিশুটির মা বাড়িতে রান্না করছিলেন। এ সময় আবু বাক্কারের ছয় বছর বয়সী নাতি বাইজিদ এসে শিশুটিকে ডেকে তাদের বাড়িতে নিয়ে যায়। শিশুটি সেখানে যাওয়ার পর আবু বাক্কার তাকে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে যৌন নির্যাতন করেন।
শিশুটির চিৎকারে তার মা ও পরিবারের এক সদস্য সেখানে গেলে অভিযুক্ত ব্যক্তি দরজা খুলে ঘর থেকে বের হয়ে যান। পরে স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে (মামলা নং-০৭)। এজাহার দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আবু বাক্কারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।