জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর কিশোরগঞ্জ জেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে ক্ষুদে শিক্ষার্থী সামিহা তাবাসসুম। সে কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

​রোববার (২৪ মে) কিশোরগঞ্জ পিটিআই অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয়।

​প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত ক্যাটাগরিতে অংশ নিয়ে নিজের সুর ও কণ্ঠের জাদুতে বিচারকসহ উপস্থিত সবাইকে মুগ্ধ করে সামিহা। পরে তাকে রবীন্দ্রসঙ্গীত ক্যাটাগরিতে সেরা (প্রথম স্থান) নির্বাচিত করা হয়।

​সামিহা তাবাসসুমের এই সাফল্যে আনন্দিত তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সামিহা পড়াশোনার পাশাপাশি গান ও সাংস্কৃতিক চর্চায় দারুণ মেধাবী। তার এই অর্জন বিদ্যালয়ের গৌরব বয়ে এনেছে। আগামীতেও সে তার সুরের জাদু ধরে রেখে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তারা।

সামিহা তাবাসসুমের বাবা গাজী মহিবুর রহমান এবং মা নূরুন্নাহার। সঙ্গীতে সামিহার প্রতিভা এটাই প্রথম নয়; এর আগেও সে বিভিন্ন প্রতিযোগিতায় তার মেধার স্বাক্ষর রেখেছে। সে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২০২৪ সালের দেশব্যাপী প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে অংশ নিয়ে জেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত ও লোকসঙ্গীতে প্রথম এবং গণজাগরণের গানে তৃতীয় স্থান অর্জন করেছিলো।

​এছাড়া সে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আঞ্চলিক পর্যায়ে লোকসংগীত ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়ে বিভাগীয় পর্যায়ে লড়াই করে। পাশাপাশি ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতাতেও লোকসংগীত ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে সে।