ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারের ঈদ জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে প্রতিবছরের মতো এবারও রেলওয়ে কর্তৃপক্ষ ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করবে। ট্রেন দুটি ভৈরব ও ময়মনসিংহ রুট দিয়ে মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জ আসবে এবং জামাত শেষে পুনরায় ফিরে যাবে।
সভায় জানানো হয়, জামাতের নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। মাঠে মোতায়েন থাকবে ২ প্লাটুন বিজিবি। থাকবে পর্যাপ্ত সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য।সাদা পোশাকে নজরদারি করব্দ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।এছাড়া ড্রোন ক্যামেরা ও সিসিটিভির মাধ্যমে পুরো মাঠ ও আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন। তিনি বলেন, “শোলাকিয়া দেশের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ। মুসল্লিরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ওজু, বিশুদ্ধ পানি ও জরুরি স্বাস্থ্যসেবার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”
সভায় ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।