কিশোরগঞ্জের তাড়াইলে লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে ঋত্বিক সাহা নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১০ মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।মৃত ঋত্বিক সাহা ওই গ্রামের টিপন সাহার ছেলে। সে স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে লিচু খাচ্ছিল ঋত্বিক। এ সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার শ্বাসনালিতে আটকে যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর একটার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। শ্বাসনালিতে বিচি আটকে যাওয়ায় দম বন্ধ হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় এলাকায় ও ঋত্বিকের শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।