শরীরে বয়ে বেড়াচ্ছেন জুলাই বিপ্লবের বুলেট, সরকারি গেজেটেও নাম উঠেছে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে। কিন্তু রাজপথের সেই লড়াকু সৈনিক দেলোয়ার হোসাইন এখন লড়ছেন এক ‘অদৃশ্য সিন্ডিকেট’ আর সাজানো মামলার বেড়াজালে। অপপ্রচার, মব সৃষ্টি আর হয়রানিমূলক মামলার মাধ্যমে তাকে কোণঠাসা করার প্রতিবাদে এবার জনসমক্ষে সরব হয়েছেন তিনি।

​শনিবার (১১ এপ্রিল) দুপুরে সাভারের আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকায় নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দেলোয়ার। তিনি জানান, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সাভার-আশুলিয়া এলাকায় সম্মুখ সারিতে থেকে পুলিশের গুলিতে আহত হন তিনি। তার গেজেট নম্বর ৬৬৫। এখনো উন্নত চিকিৎসার প্রয়োজন থাকলেও তাকে লড়তে হচ্ছে জীবননাশের হুমকির বিরুদ্ধে।

​দেলোয়ার হোসাইন বলেন, “আমি পেশায় একজন আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) প্রশিক্ষক। এই খাতে এসি বিস্ফোরণ, গ্যাস সিন্ডিকেট এবং টেকনিশিয়ানদের অধিকার নিয়ে আমি দীর্ঘ আট বছর ধরে কাজ করছি। আর এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। একটি শক্তিশালী চক্র আমাকে দমাতে মব তৈরি করে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে এবং সামাজিকভাবে হেয় করেছে।”

​সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও মিডিয়াকে ভুল বুঝিয়ে তাকে বারবার হেনস্তা করা হচ্ছে। বর্তমানে তাকে ও তার পরিবারকে মাদক বা ধর্ষণের মতো সাজানো মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

​এসি বিস্ফোরণের তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২০ সাল থেকে এ পর্যন্ত ৪৫০টির বেশি এসি দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হলেও এই সিন্ডিকেটের কারণে বিষয়গুলো আড়ালেই থেকে যাচ্ছে। এই অনিয়মের প্রতিবাদ করায় তাকে ‘চিরতরে শেষ করে দেওয়ার’ চেষ্টা চলছে।

​সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসাইন বর্তমান প্রশাসনের কাছে তার ওপর হওয়া অমানবিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত এবং জুলাই যোদ্ধাদের সম্মান রক্ষার্থে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।